সিএমপিতে বড় রদবদল, পাঁচ থানায় নতুন ওসি
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। একই আদেশে বিভিন্ন ইউনিট থেকে কয়েকজন কর্মকর্তাকে থানায় পদায়ন এবং দায়িত্বে থাকা কয়েকজন ওসিকে বদলি করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এসব পদায়ন ও বদলির তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) করা হয়েছে। সিটিএসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুর রহিম পেয়েছেন খুলশী থানার ওসির দায়িত্ব।
এদিকে কর্ণফুলী থানার বর্তমান ওসি মো. ইখতিয়ারউদ্দিনকে বায়েজিদ বোস্তামি থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। ডিবি বন্দর জোনের পুলিশ পরিদর্শক মো. জয়নাল আবেদীন মন্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে হালিশহর থানার ওসি হিসেবে।
অন্যদিকে খুলশী থানার বর্তমান ওসি মোজাম্মেল হককে পাঁচলাইশ মডেল থানার ওসি করা হয়েছে।
এ ছাড়া পাঁচলাইশ মডেল থানার বর্তমান ওসি মো. জাহেদুল ইসলামকে বদলি করে সিটিএসবিতে পদায়ন করা হয়েছে। পাশাপাশি সিটিএসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ একরাম উল্লাহকে সদরঘাট থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিএমপির জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ আদেশের অনুলিপি সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নগর পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
