Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

মেয়াদোত্তীর্ণ দুধে নতুন তারিখ, বিএসটিআইয়ের লোগোও ভুয়া; চট্টগ্রামে ডেইরি প্রতিষ্ঠান সিলগালা

0
4

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে সংস্থাটির লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির প্রস্তুতি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে একটি ডেইরি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে সিলগালা করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) নগরের আগ্রাবাদ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আগ্রাবাদের চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানটি তদারকি করা হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটির বাজারজাত করা ‘ডোনা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বাজারজাত করা হচ্ছে। পণ্যের মোড়কেও ব্যবহার করা হয়েছে বিএসটিআইয়ের লোগো।

এ ছাড়া প্রতিষ্ঠানটির উৎপাদন ও সংরক্ষণস্থলে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। সংরক্ষণাগারে পোকামাকড়ের উপস্থিতিও দেখতে পান অভিযান পরিচালনাকারীরা। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে মেয়াদ বাড়িয়ে পুনরায় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার প্রমাণ মেলে।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনস্বার্থে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখে সিলগালা করা হয়েছে।

অভিযানকালে মা ও শিশু হাসপাতাল সংলগ্ন জনতা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘বার্গার বাইট’ নামের একটি ফাস্টফুড প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। বিশেষ করে খাদ্যপণ্যের মেয়াদ পরিবর্তন, ভেজাল এবং অনুমোদন ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো ব্যবহার অত্যন্ত গুরুতর অপরাধ।

তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদেরও দায়িত্বশীল হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...