ফটিকছড়িতে গৃহবধূর মৃত্যু, নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মারুফ পারভেজের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে মারুফ পারভেজ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পরিবার।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেহার মরদেহ উদ্ধার করে।
নিহত সামিহা হাকিম নেহা ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সুলতানের বাড়ির লোকমান হাকিমের মেয়ে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় নেহাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। তার স্বামী মারুফ পারভেজ একাধিকবার তাকে নির্যাতন করেছেন বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে তাকে একাধিকবার সতর্ক করা হলেও নির্যাতন বন্ধ হয়নি।
নিহতের মা রুপা আকতারের দাবি, সর্বশেষ তার মেয়েকে নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
এ ঘটনায় নিহতের মা রুপা আকতার বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেছেন। মামলায় নেহার স্বামী মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে মঙ্গলবার রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের মা বাদী হয়ে তার মেয়ের স্বামীসহ দুজনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
