Advertisement
নভেম্বর ২৩, ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে সাংস্কৃতিক আন্দোলনের তাগিদ দিলেন জয়নুল

0
2 (10)

অনলাইন ডেস্ক । সবার সংবাদ:

মাদক ও অপরাধ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মাদক নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। সেখানে সুস্থ সংস্কৃতির চর্চা নিশ্চিত করতে হবে, অপসংস্কৃতির কোনো স্থান রাখা যাবে না। এ ক্ষেত্রে মা-বাবারও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে এবং কী করছে, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে।

মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মাদক একজন মানুষকে এমনভাবে ধ্বংস করে যে একপর্যায়ে তার ভালো-মন্দ বিবেচনা করার ক্ষমতাও থাকে না। মাদকাসক্তি থেকে অনেক তরুণ অপরাধে জড়িয়ে পড়ছে। তাই কেবল পুলিশ দিয়ে সমাজকে অপরাধমুক্ত করা সম্ভব নয়। পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিভিন্ন ধরনের সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সরকার ধৈর্যের সঙ্গে মোকাবিলা করছে। বর্তমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের সরকারের সময় গড়ে ওঠা কাঠামোর মধ্যেই কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার নির্দেশনা দিয়েছেন।

জয়নুল আবেদীন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে সরকার প্রায় ১০ হাজার পুলিশ সদস্য নিয়োগের উদ্যোগ নিয়েছে। তবে শুধু বাহিনীর সদস্য সংখ্যা বাড়িয়ে সব সমস্যার সমাধান হবে না। অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও পারিবারিক দায়িত্ববোধও বাড়াতে হবে।

তিনি বলেন, আগুন সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা মোকাবিলায় সরকার জনগণের সহযোগিতা চায়। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```