শাপলা চত্বর মামলায় অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামিদের আবেদন
আনলাইন ডেস্ক । সবার সংবাদ:
২০১৩ সালে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ থেকে অব্যাহতি চেয়েছেন আসামিরা। এ বিষয়ে অভিযোগ গঠনের শুনানি ২৪ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনালে এ শুনানি হয়। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এর আগে ১২ নভেম্বর অভিযোগ গঠনের পক্ষে বক্তব্য দেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শুনানিতে আইনজীবী আমির হোসেন বলেন, প্রসিকিউশন হেফাজতে ইসলামকে নির্মূল করার অভিযোগ এনেছে। অথচ ২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের আয়োজিত সমাবেশে শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া হয়েছিল।
তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনা যদি হেফাজতে ইসলামকে নির্মূলের চেষ্টা করে থাকেন, তাহলে আলেমরা তাকে ওই উপাধি দিলেন কীভাবে? তার মতে, এ ঘটনা প্রসিকিউশনের অভিযোগের ভিত্তি নিয়ে প্রশ্ন তৈরি করে।
আমির হোসেন আরও বলেন, হেফাজতে ইসলামকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে সংগঠনটি সেই অনুমতির অপব্যবহার করে গাছ কেটেছে ও পবিত্র কোরআন পুড়িয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, পরে জানমাল রক্ষায় প্রশাসন আইনগতভাবে তাদের সরিয়ে দেয় এবং এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।
মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন- পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা। শেখ হাসিনাসহ বাকি ৩০ আসামি পলাতক রয়েছেন।
২০১৩ সালের মে মাসে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৫৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
