ঢাকা-রিয়াদ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে ১৬ ডিসেম্বর পর্যন্ত
অনলাইন ডেস্ক । সবার সংবাদ:
সৌদি আরবে হুতিদের হামলার পর সৃষ্ট পরিস্থিতিতে এখনো স্বাভাবিক হয়নি দেশটির বিমানবন্দরগুলোর কার্যক্রম। এ কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে এ রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
তবে ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনা রুটে আগের সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি।
এদিকে, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম অথবা মদিনাগামী ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন।
ফ্লাইট স্থগিতের কারণে যেসব যাত্রীর ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন এসেছে, তাদের টিকিট, ফ্লাইটের সময়সূচি ও বিকল্প ব্যবস্থা সম্পর্কে জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
