৫০ লাখ টাকা চাঁদা দাবি, চট্টগ্রামে আবাসিক ভবনের গেটে গুলি
চট্টগ্রাম প্রতনিধি:
চট্টগ্রাম নগরীর হামজারবাগে ‘রুনা টাওয়ার’ নামে একটি আবাসিক ভবনের গেটে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। ভবনটির মালিক হাজী ইউনুসের প্রবাসী ছেলের কাছে কয়েক দিন আগে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুই যুবক রুনা টাওয়ারের সামনে গিয়ে প্রথমে ভবনের নিরাপত্তাপ্রহরীর সঙ্গে কথা বলে। পরে সেখান থেকে চলে যাওয়ার সময় তারা ভবনের গেটে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
ভবনটির মালিক হাজী ইউনুসের দুই ছেলে মধ্যপ্রাচ্যপ্রবাসী। সম্প্রতি তার বড় ছেলে দেশে ফিরেছেন। কয়েক দিন আগে একটি ইন্টারনেট নম্বর থেকে ভয়েস মেসেজের মাধ্যমে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে পুলিশকে জানানো হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা গুলি ছুড়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বায়েজিদ ও হামজারবাগসহ বিভিন্ন এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে গুলি ও হামলার ঘটনা আলোচনায় এসেছে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এ ধরনের ঘটনা বেড়েছে বলে সংশ্লিষ্টদের ভাষ্য।
এর আগে স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের কাছেও চাঁদা দাবি এবং চাঁদা না দেওয়ায় তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে।
এ ছাড়া গত ১৩ জুলাই বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিডিএনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ৩০ লাখ টাকা লুটের অভিযোগ ওঠে। কোম্পানির মালিকপক্ষের অভিযোগ, ডিডিএনের মালিকের কাছে এককালীন দুই কোটি টাকা এবং মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।
অন্যদিকে বড় দীঘির পাড় এলাকার পাইকারি চাল ব্যবসায়ী জসীম উদ্দিনের কাছেও ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় গত ২৬ জুলাই হাটহাজারীতে তার নির্মাণাধীন বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে।
চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি, গুলি ও হামলার ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।
