সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট
আব্দুল আজিজ, চট্টগ্রাম পাঁচলাইশ প্রতিনিধি:
অবশেষে গ্যাস সরবরাহ শুরু করেছে দেশের দুই এলএনজি টার্মিনাল সামিট ও এক্সিলারেট। শনিবার সকালে সামিট থেকে প্রায় ৪৬ কোটি ঘনফুট এবং এক্সিলারেট থেকে প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এতে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে প্রায় ২৪০ কোটি ঘনফুটে দাঁড়িয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কারিগরি সমস্যার কারণে এক্সিলারেটের এলএনজি টার্মিনাল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নেমে আসে প্রায় ১৬৫ কোটি ঘনফুটে। কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সামিট থেকে গ্যাস সরবরাহ শুরু হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।
প্রাথমিকভাবে সামিট থেকে প্রায় ১১ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও রাতের দিকে ধাপে ধাপে তা বাড়ানো হয়। শনিবার সকালে সামিটের সরবরাহ প্রায় ৪৬ কোটি ঘনফুটে পৌঁছায়।
এদিকে একই রাতে এক্সিলারেটের টার্মিনাল থেকেও পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়। বর্তমানে সেখান থেকে জাতীয় গ্রিডে প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস যাচ্ছে। দুই টার্মিনাল মিলিয়ে এলএনজি থেকে বর্তমানে প্রায় ৭৬ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে।
দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। দুই এলএনজি টার্মিনাল পুনরায় চালু হওয়ায় সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চাহিদার তুলনায় ঘাটতি থাকায় গ্যাস সংকট পুরোপুরি কাটেনি।
