Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি

0
7

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম, অব্যবস্থাপনা ও বিভিন্ন অভিযোগ নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর অবশেষে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর।

গত ১৬ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) দপ্তর থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে গঠিত তদন্ত কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মনোয়ার হোসেন চৌধুরীকে সভাপতি, সহকারী পরিচালক (ডেন্টাল) ডা. আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইনকে সদস্যসচিব এবং ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলমকে সদস্য করে কমিটি গঠন করা হয়েছে।

এর আগে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে বিভিন্ন অভিযোগের বিষয়ে সিপ্লাস টিভি, চাটগাঁ নিউজসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টালে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে ছিল—‘হাটহাজারীতে রাতের আঁধারে হাসপাতালের মালামাল বিক্রি’, ‘স্টোরকিপার এক মাসের ছুটি নিলেও দুই মাসেও ফেরেনি কর্মস্থলে’, ‘সরকারি চাকরির পাশাপাশি জড়িত ধর্মীয় সংগঠনে’, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ’, ‘অ্যাম্বুলেন্স চালক যখন টিএসওর গাড়ির সিটে’, ‘হুকুম পালন করেন কর্তার-চালক আরমান’ এবং ‘অভিযোগ অস্বীকার কর্মকর্তার, নিয়ম নেই—সিভিল সার্জন’—শিরোনামে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসের ৯ আগস্ট থেকে এসব প্রতিবেদন প্রকাশের পর অভিযোগগুলোর বিষয়টি চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে অভিযোগগুলোর সত্যতা যাচাই ও সার্বিক বিষয় তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ‘নামমাত্র মূল্যে টেস্টের ব্যবস্থা থাকলেও রোগীদের পাঠিয়ে দেওয়া বেসরকারি ল্যাবে’ শিরোনামেও জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ অভিযোগের বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।
এখন তদন্ত কমিটির সরেজমিন তদন্ত ও প্রতিবেদনের দিকে নজর সংশ্লিষ্টদের। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর প্রকৃত সত্য উদ্‌ঘাটিত হবে। কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং সেবার মান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রত্যাশা রোগী ও স্থানীয় বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...