নওগাঁর আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
সৌদি আরবে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের নাম-পরিচয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। একসঙ্গে ১৩ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
নিহতরা হলেন— মো. জালাল (পিতা: মৃত তমেজ উদ্দিন), গ্রাম পারকাসুন্দা, পাঁচুপুর ইউনিয়ন; মো. সুমন হোসেন (পিতা: বাদল), গ্রাম ডুবাই, বিশা ইউনিয়ন; মো. হাসিবুল হাসান শুভ (পিতা: চঞ্চল), গ্রাম ডুবাই, বিশা ইউনিয়ন; মো. মোহন প্রামাণিক (পিতা: গুফফার প্রামাণিক), গ্রাম গন্ডগোহালী, কালিকাপুর ইউনিয়ন; মো. সুমুন প্রামাণিক (পিতা: গুফফার প্রামাণিক), গ্রাম গন্ডগোহালী, কালিকাপুর ইউনিয়ন; মো. রুবেল হোসেন (পিতা: জান্নার), গ্রাম গন্ডগোহালী, কালিকাপুর ইউনিয়ন; মো. কলিউদ্দিন প্রামাণিক (পিতা: ফজলু), গ্রাম গন্ডগোহালী, কালিকাপুর ইউনিয়ন; মো. সাগর হোসেন (পিতার নাম উল্লেখ নেই), গ্রাম সাধনগর, বিশা ইউনিয়ন; মো. ফরিদ শেখ (পিতা: ময়েন শেখ), গ্রাম উদনপৈ, শাহগোলা ইউনিয়ন; মো. মজিদুল ইসলাম (পিতা: মজনু মিয়া), গ্রাম মাদবপুর, বিশা ইউনিয়ন; সোহেল রানা (পিতার নাম অজ্ঞাত), গ্রাম ডুবাই, বিশা ইউনিয়ন; মো. মিনহাজ (পিতার নাম অজ্ঞাত), গ্রাম মধ্যেবোয়ালিয়া, পাঁচুপুর ইউনিয়ন এবং মো. মহিদুল ইসলাম (পিতার নাম অজ্ঞাত), গ্রাম খরসতী, বিশা ইউনিয়ন।
নিহতদের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জীবিকার তাগিদে তারা সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। প্রবাসে কর্মরত অবস্থায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে তাদের মৃত্যুতে পরিবারগুলোতে নেমে এসেছে শোকের মাতম। স্বজনরা নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয়রা জানান, আত্রাইয়ের বিভিন্ন গ্রামের এসব প্রবাসী পরিবারের আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন। কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের মর্মান্তিক মৃত্যুতে সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে গেছে। একই উপজেলার ১৩ জনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
