সুদানে ৫ বিদ্যুৎকেন্দ্রে আরএসএফের ড্রোন হামলা, অন্ধকারে পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা
আন্তর্জাতিক ডেস্ক:
সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সোমবার সমন্বিত ড্রোন হামলা চালিয়ে দেশটির পাঁচটি বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনেছে।
এই হামলায় পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে এএফপিকে জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, আল-জাজিরা ও গেদারেফ রাজ্যের দুটি করে ও হোয়াইট নাইল রাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়েছে। এর ফলে এই তিন রাজ্যের বড় অংশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তিনটি রাজ্যই সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও তাদের সাবেক মিত্র আরএসএফের মধ্যে যুদ্ধ চলছে।
জাতিসংঘ বারবার সতর্ক করে বলেছে, বিদ্যুৎকেন্দ্রে নিয়মিত হামলা লাখ লাখ মানুষের স্বাস্থ্যসেবা ও অন্যান্য জরুরি সেবা কার্যক্রমকে হুমকির মুখে ফেলছে। এরই মধ্যে দেশটির মানুষ বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা সংকটের মুখোমুখি।
এএফপির আল-জাজিরা রাজ্যের এক সংবাদদাতা জানান, সেখানে রাত ২টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
গেদারেফ রাজ্যের আল-ফাও এলাকার বাসিন্দা বাবিকার ইউসুফ জানান, সেখানেও রাত ২টা থেকে বিদ্যুৎ নেই।
ফোনে এএফপিকে তিনি বলেন, ‘আমার ছেলে ডায়াবেটিসে আক্রান্ত। তার ইনসুলিন ফ্রিজে সংরক্ষণ করতে হয়।’ বিদ্যুৎ না থাকায় ওষুধটি নষ্ট হয়ে গেলে নতুন করে তা সংগ্রহ করতে পারবেন কি না, এ নিয়ে তিনি উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ কখন ফিরবে, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।’
এর আগেও আধাসামরিক বাহিনীর ড্রোন হামলায় বিদ্যুৎকেন্দ্র ও জলবিদ্যুৎ বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পর সুদানের বিভিন্ন এলাকায় একটানা কয়েক দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
এতে চরম খাদ্যসংকটে থাকা দেশটির প্রায় দুই কোটি মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
