‘আঙুর ফল টক’—সুনিধিকে নেহার কটাক্ষ
বিনোদন ডেস্ক:
টিভি রিয়েলিটি শোয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। পরবর্তীতে ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারকের চেয়ারেও তাকে দেখা যায়। যদিও গুরুতর অভিযোগ তুলে এই চেয়ার ছাড়েন এই গায়িকা।
২০২১ সালে ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ‘ইন্ডিয়ান আইডল’ ছাড়ার কারণ ব্যাখ্যা করেন সুনিধি চৌহান। এ গায়িকা বলেছিলেন—“আমাদের প্রত্যেক বিচারককে বলা হয়েছিল, প্রতিযোগীদের প্রশংসা করতে হবে। কিন্তু আমি তা মেনে নিতে পারিনি। আর এটাই মূল বিষয়। কর্তৃপক্ষ যা চেয়েছিলেন, আমি তা করতে পারিনি। তাই আমাকে সরে যেতে হয়েছে। এখন আমি আর কোনো রিয়েলিটি শোয়ের সঙ্গে বিচারক হিসেবে যুক্ত নই।”
কয়েক বছর পর সুনিধি চৌহানের এসব অভিযোগের জবাব দিলেন নেহা কাক্কর। পাশাপাশি রিয়েলিটি শোয়ের জনপ্রিয়তায় ভাটা পড়া প্রসঙ্গে গর্বের সঙ্গে নেহা কাক্কর বলেন, “আমি যাওয়া বন্ধ করে দিয়েছি বলেই রিয়েলিটি শোয়ের টিআরপি কমে গেছে! যতদিন ছিলাম, ততদিন টিআরপি একদম তুঙ্গে ছিল।”
সুনিধি চৌহানের নাম উচ্চারণ না করলেও তাকে উদ্দেশ্য করে নেহা কাক্কর বলেন, “যে যা খুশি বলতে পারেন। কিন্তু এই শো কোনোভাবেই স্ক্রিপ্টেড নয়।”
সুনিধিকে কটাক্ষ করে নেহা কাক্কর বলেন, “দুঃখিত! তবে আমি বলতে চাই—‘আঙুর না পেলে আঙুর ফল টক!’ মানুষ যখন নিজের মনের মতো কিছু পায় না, তখন তারা ওভাবেই বলে। যে আঙুর হাতে পায় না, তার কাছে ওটা টকই লাগবে। কারো জীবনের কষ্ট বা ব্যাকগ্রাউন্ড শুনে যদি আবেগপ্রবণ হয়ে পড়ি, তবে সেটা একদম খাঁটি ও স্বাভাবিক।”
সুনিধি চৌহানের মতো গায়িকাকে এভাবে অসম্মান করায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন নেহা কাক্কর। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, “এই পর্যায়ের অহংকার আর ভ্রান্ত ধারণা সত্যিই মারাত্মক!” অন্য একজন লেখেন, “অত্যন্ত অপমানজনক! কাক্কর পরিবারের কেউ স্টুডিওতেও ঠিকঠাক গাইতে পারে না, আর সুনিধি চৌহান ভারতের সেরা লাইভ কনসার্ট পারফর্ম করেন।” তবে সমস্ত সমালোচনাকে তোয়াক্কা না করে নতুন শোয়ের প্রচারে ব্যস্ত নেহা কাক্কর।
১৯৮৮ সালের ৬ জুন উত্তর প্রদেশের ঋষিকেশে এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম নেন নেহা কাক্কর। তার বাবা ছিলেন শিঙাড়া বিক্রেতা। বড় বোন সনু কাক্কর ও ভাই টনি কাক্কর উভয়ে সংগীতের সঙ্গে যুক্ত। মাত্র চার বছর বয়স থেকে গান শুরু করেন নেহা। ২০০৫ সালে ইন্ডিয়ান আইডলের মাধ্যমে গায়িকা হিসেবে নজর কাড়েন নেহা।
২০০৮ সালে ভাই টনির সঙ্গে মুম্বাই পা রাখেন নেহা। সেই বছরই ‘নেহা দ্য রকস্টার’ নামে তার প্রথম গানের অ্যালবাম মুক্তি পায়। ২০১৩ সালে ‘ফাটা পোস্টার নিকলা হিরো’সিনেমার ‘ধাতিং নাচ’ গানে প্রথম প্লেব্যাক করেন। ২০১৪ সালে তার ‘সানি সানি’গানটি দারুণ হিট হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক তুমুল জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।
নেহার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে—‘জাদু কা ঝাপ্পি’, ‘টুকুর টুকুর’, ‘ন্যায়না’, ‘মে তেরা বয়ফ্রেন্ড’, ‘দিলবার দিলবার’, ‘কালা চশমা’, ‘আঁখ মারে’, ‘কোকাকোলা’, ‘সাকি সাকি’ প্রভৃতি।
