Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ৮

0
8

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মো. ফেরদৌস আলম (৫), মিফতাহুল (১৭), মাইক্রোবাসের চালক মুন্না (৪০) ও অজ্ঞাতপরিচয় এক যুবক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রীবাহী একটি মাইক্রোবাস কক্সবাজারের ঈদগাহের উদ্দেশে রওনা দেয়। রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে মাইক্রোবাসটি শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

সংঘর্ষে ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিফতাহুলের মৃত্যু হয়। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক মুন্নাসহ আরও দুজনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

কর্ণফুলী থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দুজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```