Advertisement
নভেম্বর ২৪, ২০২৬

কালই জানা যাবে বাংলাদেশের একাদশ, সিদ্ধান্তে বড় ভূমিকা উইকেটের

0
1

খেলা ডেস্ক । সবার সংবাদ:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, তা এখনো চূড়ান্ত করেননি হেড কোচ ফিল সিমন্স। সেঞ্চুরিয়নের উইকেট দেখেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চান তিনি। প্রতিপক্ষের পেস আক্রমণে আনরিখ নরকিয়া ফিরলেও সেটি নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই বাংলাদেশের। প্রথম টেস্টের মতো এবারও সব ধরনের পেসারের বিপক্ষে প্রস্তুতি নিয়েছে দল।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফিল সিমন্স জানান, একাদশের সমন্বয় নিয়ে এখনো আলোচনা চলছে। আগের টেস্টে আট ব্যাটার খেলানোর প্রশ্ন উঠলে তিনি সংশোধন করে বলেন, বাংলাদেশ আসলে সাত ব্যাটার নিয়ে খেলেছিল। এবার উইকেটের চরিত্র বুঝে একাদশ ঠিক করবেন তারা।

সিমন্স বলেন, ‘আমরা সাত ব্যাটার নিয়ে খেলেছিলাম। তবে এখনো একাদশ চূড়ান্ত করিনি। মাঠে গিয়ে উইকেট দেখার পর ঠিক করবো, একাদশ কেমন হবে।’

সেঞ্চুরিয়নে আগের টেস্টগুলোতে ভারত ও পাকিস্তানের মতো দল চার পেসার নিয়ে খেলেছে। বাংলাদেশের স্কোয়াডেও এখন চার পেসার রয়েছেন। তবে অন্য দলগুলোর কৌশল অনুসরণ না করে নিজেদের প্রয়োজন অনুযায়ী বোলিং আক্রমণ সাজাতে চান সিমন্স। তার কথায়, ‘এখানে অন্য দলগুলো চার পেসার নিয়ে খেলেছে, কিন্তু সেটি তাদের দলের গঠন ও ভারসাম্যের সঙ্গে মানানসই ছিল। আমাদের দেখতে হবে, বাংলাদেশের জন্য কোন সমন্বয়টি সবচেয়ে কার্যকর।’

প্রথম টেস্টে বাংলাদেশের বোলিংয়ের সবচেয়ে বড় ঘাটতি ছিল লাইন ও লেংথে। প্রতিপক্ষ ব্যাটারদের অফ স্টাম্প ও চতুর্থ স্টাম্পের লাইনে যথেষ্ট খেলাতে পারেননি বোলাররা। দ্বিতীয় টেস্টে এই জায়গায় উন্নতি চান কোচ। তবে ১২০ রানে ৫ উইকেট হারানোর পর প্রথম ইনিংসে ৪০০ রান করতে পারাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

সিমন্স বলেন, ‘আমরা তাদের যে লাইনে বল করেছি, সেটি নিয়ে অনেক কথা হয়েছে। আমাদের মনে হয়েছে, আমরা প্রতিপক্ষ ব্যাটারদের যথেষ্ট খেলাতে পারিনি। এ জায়গায় উন্নতি করতে হবে। প্রথম ইনিংসে ১২০ রানে ৫ উইকেট হারানোর পর ৪০০ রান করতে পারা দারুণ ব্যাপার। তবে অফ স্টাম্প ও চতুর্থ স্টাম্পের লাইনে ব্যাটারদের আরও বেশি খেলাতে হবে।’

দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে কাগিসো রাবাদার সঙ্গে আনরিখ নরকিয়ার ফেরার সম্ভাবনা বাংলাদেশের জন্য বাড়তি চ্যালেঞ্জ। তবে নরকিয়া কিংবা করবিন বশ প্রথম টেস্টে খেলবেন না, এমনটা ধরে নিয়ে প্রস্তুতি নেয়নি বাংলাদেশ। সিমন্স জানিয়েছেন, প্রতিপক্ষের সব পেসারের কথা মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘প্রথম টেস্টে নরকিয়া খেলবে কি খেলবে না এটা আমরা আগে থেকে জানতাম না। আমরা সব ধরনের পেসারের বিপক্ষেই প্রস্তুতি নিয়েছিলাম, সেটা দ্রুতগতির হোক কিংবা মাঝারি গতির। এবারও একইভাবে প্রস্তুতি নিচ্ছি।’

বাংলাদেশের ব্যাটারদের শরীর থেকে দূরে গিয়ে শট খেলার প্রবণতা নিয়েও কাজ করছেন কোচ। ব্যাটে লেগে স্টাম্পে বল গিয়ে বোল্ড হওয়ার ঘটনা এড়াতে ব্যাটারদের শরীরের কাছাকাছি থেকে খেলার পরামর্শ দেওয়া হচ্ছে। সিমন্সের ব্যাখ্যা, ‘শরীর থেকে দূরে গিয়ে খেললে এমনটা হয়। আমরা চেষ্টা করছি, কেউ যেন শরীর থেকে দূরে গিয়ে শট না খেলে। কারণ, এভাবে খেললে ব্যাটে লেগে স্টাম্পে বল যাওয়ার সম্ভাবনা থাকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```