Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

কিশোর গ্যাং দমনে তিন মাসের সময়সীমা দিলেন চিফ হুইপ

0
6

সবার সংবাদ ডেস্ক:

আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং উচ্ছেদ হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।

শুক্রবার (২ অক্টোবর) তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূরুল ইসলাম মনি বলেন, ‘কিশোররা স্কুলে যাবে, পড়ালেখা করবে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিখবে, দক্ষ মানুষ হবে। তারা অস্ত্র-চাপাতি নিয়ে ঘুরবে না। আজকের কিশোর-তরুণরাই আগামী দিনের কাণ্ডারি।’

কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলনের যৌথ সমন্বয় প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রিত ব্যবহারে বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ‘সরকার এর মাধ্যমে সবাইকে কঠোর ও কঠিন বার্তা দিচ্ছে। আমরা স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে চাই। আমরা শুরু করেছি ঘর থেকে। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সত্যিকার অর্থেই জনগণের কল্যাণে কাজ করতে চাই।’

যেকোনো নেতিবাচক ঘটনায় সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা ভবিষ্যতে আর মেনে নেওয়া হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি এবং জনগণের কল্যাণে কাজ করছি। আমরা একটি ভঙ্গুর দেশ পেয়েছি। আমাদের কাজ করার সুযোগ দেন। সুফল পেতে যৌক্তিক সময় লাগবে।’

তিনি বলেন, ‘সরকার যদি শক্তিশালী না হয়, তাহলে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ে। সরকার ব্যর্থ হলে সেই দায় আমাদের। দায় চাপানোর রাজনীতি আমরা করি না।’

বিভিন্নভাবে কৃত্রিম সংকট তৈরি করে কুচক্রী মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে দাবি করে চিফ হুইপ বলেন, এসব অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```