চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ৫৮৭ গ্রেপ্তার, ইয়াবাসহ বিপুল মাদক উদ্ধার
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৫৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা, চোলাইমদ, গাঁজা, বিদেশি মদ, বিয়ারসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। রেঞ্জ পুলিশের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী অভিযানের এসব তথ্য জানান।
রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ৫৮৭ জনের মধ্যে মাদকবিরোধী অভিযানে ২১৩ জন, নিয়মিত মামলায় ১২০ জন, পূর্ববর্তী মামলায় ৭৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন মামলার পরোয়ানামূলে ১৪০ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিআইজি জানান, মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৪৭ জন। তাদের মধ্যে ২ জন মাদক বহনকারী এবং ১৪৫ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬৬ জনকে মাদক ব্যবসায়ী হিসেবে শনাক্ত করা হয়েছে।
অভিযান চলাকালে ৫১টি মাদক মামলা দায়ের করা হয়। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ৩২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ২৬২ পিস ইয়াবা, ৩০১ লিটার চোলাইমদ, ৫৮ কেজি ৪৯২ গ্রাম গাঁজা, ১৫৬ বোতল বিদেশি মদ, ৩০ ক্যান বিয়ার, ৪৫ বোতল স্কাফ সিরাপ এবং ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের আওতাধীন ১১ জেলায় মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা কার্যক্রমের অংশ হিসেবে এসব গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
