Advertisement
নভেম্বর ২৫, ২০২৬

দেশে ডেনিম শিল্পে বড় বিনিয়োগ, কারখানা করছে তুরস্কের সানকো

0
image-363689-1795609625

অর্থনীতি ডেস্ক। সবার সংবাদ:

তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং বাংলাদেশের ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে একটি অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করবে। এতে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সানকো হোল্ডিংয়ের ডেনিম বিভাগ ইসকো-এর মাধ্যমে এ বিনিয়োগ করা হবে। প্রস্তাবিত কারখানায় সমন্বিত সুতা উৎপাদন (ইন্টিগ্রেটেড স্পিনিং) ইউনিটও থাকবে।

আজ বুধবার ইনভেস্ট বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সানকো হোল্ডিংয়ের প্রতিনিধিদল প্রতিষ্ঠানটির বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লুর নেতৃত্বে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা প্রস্তাবিত ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রস্তাবিত রপ্তানিমুখী কারখানাটির মাসিক উৎপাদন সক্ষমতা হবে প্রায় এক কোটি মিটার ডেনিম কাপড়। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে এর বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ইনভেস্ট বাংলাদেশ জানায়, এ বিনিয়োগ দেশের টেক্সটাইল খাতের পশ্চাৎ-সংযোগ (ব্যাকওয়ার্ড লিংকেজ) শিল্পকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি তৈরি পোশাক শিল্পের কাঁচামালের স্থানীয় সরবরাহ সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি আয় বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সানকো হোল্ডিং একটি পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী। প্রতিষ্ঠানটির টেক্সটাইল ব্যবসার ইতিহাস ১৯০৪ সাল থেকে শুরু। বর্তমানে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়নসহ বিভিন্ন খাতে তাদের ব্যবসা রয়েছে।
প্রতিষ্ঠানটির ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার এবং ৬০টিরও বেশি দেশে প্রতিষ্ঠানটির গ্রাহক রয়েছে। এ ছাড়া তুরস্কের প্রথম মন্ত্রণালয়-অনুমোদিত টেক্সটাইল গবেষণা ও উন্নয়ন কেন্দ্র পরিচালনা করে ইসকো।

সানকোর প্রতিনিধিদলে আরও ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস।

বাংলাদেশের যৌথ উদ্যোগের অংশীদার ডিবিএল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপের রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার। এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশের সদস্য (বিনিয়োগ উন্নয়ন) নাহিয়ান রহমান রচি উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে সানকো হোল্ডিং ইনভেস্ট বাংলাদেশের ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইনের অন্তর্ভুক্ত। নিয়মিত যোগাযোগ, ফলোআপ এবং বিনিয়োগকারী সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রাথমিক আগ্রহকে বর্তমান বিনিয়োগ প্রতিশ্রুতির পর্যায়ে এগিয়ে নিতে ইনভেস্ট বাংলাদেশ ভূমিকা রেখেছে।
প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```