পটিয়ায় ১৬ লাখ টাকার চিনি ছিনতাই: আরও ১৫০ বস্তা উদ্ধার, মোট উদ্ধার ২৮৪
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় ১৬ লাখ টাকার চিনি বোঝাই কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকা থেকে আরও ১৫০ বস্তা (সাড়ে ৭ টন) চিনি উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে লুণ্ঠিত ৩০০ বস্তা চিনির মধ্যে ২৮৪ বস্তা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোর ৪টার দিকে হারবাং ইউনিয়নের নোনাছড়ি এলাকার একটি বন্ধ টেইলার্সের দোকান থেকে এসব চিনি উদ্ধার করা হয়।
এর আগে বুধবার দিবাগত রাতে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর বাজারের একটি গোডাউন থেকে ১৩৪ বস্তা চিনি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার কাভার্ডভ্যানচালক আলমগীরকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, চিনির মালিক মোহাম্মদ সিরাজুল ইসলাম বৃহস্পতিবার পটিয়া থানায় মামলা করেছেন। মামলায় কাভার্ডভ্যানচালক আলমগীর ও আজিজনগর বাজারের মুদি দোকানি মো. রাহাত উদ্দিন জুয়েলকে আসামি করা হয়েছে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হারবাংয়ের নোনাছড়ি এলাকার একটি বন্ধ দোকানে অভিযান চালিয়ে ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়। দোকানটির মালিক রাসেল, যিনি আজিজনগর বাজারের মুদি দোকানি জুয়েলের ভাই।
তিনি আরও জানান, মামলার এজাহারে পারস্পরিক বিশ্বাস ভঙ্গ করে অন্য আসামিদের যোগসাজশে চালক আলমগীরের বিরুদ্ধে চিনি আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য বাবুল আহমদ বলেন, জুয়েল ও রাসেল আপন ভাই। চিনি আত্মসাতের ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর বুধবার রাত থেকে তারা পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
পুলিশের ধারণা, কাভার্ডভ্যানচালক আলমগীর পরিকল্পিতভাবে ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে সহযোগীদের সঙ্গে যোগসাজশে ১৫ টন বা ৩০০ বস্তা চিনি আত্মসাৎ করেছেন। পরে এসব চিনি বাজারমূল্যের চেয়ে কম দামে কিনে স্থানীয় মুদি দোকানগুলোতে বিক্রি করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
উল্লেখ্য, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা ক্রসিংসংলগ্ন চট্টগ্রাম-আনোয়ারা সড়কে নবনির্মিত কর্ণফুলী উপজেলা ভবনের সামনে পরিত্যক্ত অবস্থায় কাভার্ডভ্যানটি পাওয়া যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
