বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতি অবনতিঃ ছাত্রদলের উদ্যোগে প্রতিরোধমূলক কার্যক্রম
সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার:
বাগেরহাট জেলায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বৃদ্ধি পাওয়ায় শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর ঝুঁকি বেড়েছে। এই প্রেক্ষাপটে জনসচেতনতা বৃদ্ধি ও মশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বাগেরহাট জেলা ছাত্রদল।
বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনের উদ্যোগে শহরের পুরাতন পুলিশ লাইন, নূর মসজিদ ও চালতেতলা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ঔষধ ছিটানো (স্প্রে) কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করা হয়।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন শামিম মুন্সি,আজিজুল ইসলাম আশিক, তানভীর হাওলাদার, তানভীর ইসলাম জিসানসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা, আশপাশে পানি জমে থাকতে না দেওয়া এবং সবাইকে সচেতন হওয়া অত্যন্ত জরুরি।
উদ্যোক্তারা আরও বলেন, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বাগেরহাটকে ডেঙ্গুমুক্ত রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
