Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

বায়েজিদে ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

0
2

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী স্লোগান, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বায়েজিদ থেকে অক্সিজেনগামী সড়কের বজল সওদাগর মার্কেটের ইমাম ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে মিছিলে অংশ নিয়ে নেতৃত্ব দেওয়ার অভিযোগে জহিরুল ইসলাম জহির এবং মিছিলে অংশ নেওয়ার অভিযোগে পারভেজকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—রাব্বি হোসেন ওরফে আদি (২৩), মো. আব্দুর নুর ওরফে আব্দুল্লাহ (৩৭), মো. জাহিদুল ইসলাম রিফাত ওরফে রিফাত ইয়াছিন (২২), মো. সাব্বির হোসেন (৩০), জহিরুল ইসলাম জহির (৩১) ও পারভেজ (২৯)।
পুলিশের তথ্যমতে, রাব্বি হোসেন বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, আব্দুর নুর সীতাকুণ্ড থানাধীন ছিন্নমূল ২ নম্বর সমাজ ছাত্রলীগের সহসভাপতি, জাহিদুল ইসলাম রিফাত বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সাব্বির হোসেন বায়েজিদ বোস্তামী থানা ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

পুলিশের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিরা তাদের সহযোগী পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মীদের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসারের উদ্দেশ্যে ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছিলেন বলে দাবি পুলিশের।

এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-২৪। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২), ৮, ৯, ১০, ১২, ১৩ ও ১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলায় আরও কয়েকজন পলাতক ও অজ্ঞাতনামা আসামি রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```