Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

বিএনপি নেতার বক্তব্য ঘিরে বিরোধ, পটিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর

0
2

সবার সংবাদ ডেস্ক:

চট্টগ্রামের পটিয়ায় উন্নয়ন কমিটির এক সভায় বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদের জের ধরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের ঘটনা ঘটেছে।

উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম সিকদারের নেতাকর্মীদের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পটিয়া পৌরসদরের থানার মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত নুর মোহাম্মদ সোহেলকে (৩৯) পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি জঙ্গলখাইন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন এবং নাইখাইন গ্রামের সালেহ আহমদের ছেলে।

​স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে জঙ্গলখাইন ইউনিয়নের উন্নয়ন কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম সিকদার ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার মোহাম্মদ বকুল উপস্থিত ছিলেন। সভা শেষে বৈষম্যের অভিযোগ তুলে প্রতিবাদ জানান স্বেচ্ছাসেবক দল নেতা নূর মো. সোহেলসহ কয়েকজন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

রাত সাড়ে ৮টার দিকে পটিয়া থানার মোড় এলাকায় ফ্যামিলি কিচেনের নিচে দলীয় নেতাকর্মীরা জড়ো হলে সেলিম সিকদারের অনুসারী নেতাকর্মীরা সোহেলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদের এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে। ​ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত সোহেলকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম সিকদার হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, শান্তিপূর্ণভাবে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতাকর্মীদের নিয়ে গালাগালি করায় সোহেলের সাথে হাতাহাতি হয়েছে। তবে তিনি জড়িত নন বলে জানান।

​পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, মারামারি বিষয়টি তিনি অবগত না। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```