মধ্যরাতে পরপর তিন ভূমিকম্পে কাঁপল চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:
মধ্যরাতে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরায় এসব ভূমিকম্পের উৎপত্তি হয়। এতে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি কম্পন অনুভূত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয় শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হওয়ায় আশপাশের এলাকাগুলোতে কম্পন অনুভূত হয়। চট্টগ্রামেও মৃদু ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রথম ভূমিকম্পের মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে ভারতের মিজোরাম রাজ্যের লুংলেই এলাকায় আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ০। এ ভূমিকম্পের প্রভাবে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্প সংঘটিত হয়। এর প্রভাবেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়।
অল্প সময়ের ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হওয়ায় বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
