রাষ্ট্রকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে: নুরুল হক
অনলাইন ডেস্ক:
জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে রাষ্ট্র নাগরিকদের প্রতি দায়বদ্ধ থাকবে এবং জনকল্যাণ নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীদের দায়বদ্ধতার জায়গা থেকে জনগণকে সেবা দিতে হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
নুর বলেন, “আমরা যে নতুন বাংলাদেশের কথা কল্পনা করি বা স্বপ্ন দেখি, সেখানে আমরা বারবার বলেছি যে রাষ্ট্র নাগরিকদের প্রতি দায়বদ্ধ থাকবে। একটা জনকল্যাণকর রাষ্ট্র হবে।”
এখনো অনেক দপ্তরে প্রয়োজনীয় পরিবর্তন আসেনি উল্লেখ করে তিনি বলেন, এনআইডি সংশোধনের মতো স্বাভাবিক সেবার জন্যও অনেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীর সুপারিশ চান। ‘সেটার জন্য যদি মন্ত্রী-প্রতিমন্ত্রীর সুপারিশ করতে হয়, তাহলে দেশ চলবে কীভাবে?’
বিদেশে গিয়ে প্রতারিত হওয়ার অভিযোগ প্রসঙ্গে নুর বলেন, মন্ত্রণালয়ে অভিযোগ নিষ্পত্তি ও মধ্যস্থতার ব্যবস্থা রয়েছে। অনুমোদিত রিক্রুটিং এজেন্সি প্রতারণা করলে যতটুকু সম্ভব ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়। মন্ত্রণালয়ে বা বিএমইটিতে আবেদন করলেও অভিযোগের বিহিত হয় বলে জানান তিনি।
সম্প্রতি ভুয়া ভিসায় ২০ জনকে বিএমইটির অনুমোদন দেওয়ার অভিযোগ প্রসঙ্গে নুর বলেন, বিষয়টি জানার পর তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি প্রতিবেদন দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) দুর্নীতি, অনিয়ম ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগেও তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান তিনি।
নিজ নির্বাচনী এলাকার প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, বঙ্গোপসাগর উপকূলের ওই এলাকায় নদীভাঙন একটি বড় সমস্যা। তার নির্বাচনী এলাকার গলাচিপা ও দশমিনা উপজেলায় নদীভাঙন পুরোপুরি ঠেকাতে অন্তত পাঁচ হাজার কোটি টাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, সরকার চাইলেই একজন প্রতিমন্ত্রী বা এমপির একটি আসনে এত টাকা বরাদ্দ দিতে পারে না। তবে তাৎক্ষণিক ব্যাপক ভাঙনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীকে জানানোর পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ও জেলা প্রশাসক এলাকায় গিয়েছেন বলেও জানান তিনি।
