শুটিং সেটে বিপত্তি, নাকের নথ গিলে ফেললেন শেহনাজ
বিনোদন ডেস্ক:
শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। শট দেওয়ার সময়ে তার নাকের নথ মুখে ঢুকে যায়। তারপরই তৈরি হয় বিপত্তি। ‘ইশকনামা’ সিনেমার শুটিং সেটে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
শেহনাজ গিল সেই সময়ের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাতে দেখা যায়, শুটিং সেটে দৌড়াচ্ছেন শেহনাজ গিল। এ সময় তার নাকের নথটি অসাবধানতাবশত মুখের ভেতর ঢুকে যায়। দেখে মনে হয়—নথটি হয়তো গিলে ফেলেছেন শেহনাজ। এরপর পাঞ্জাবি অভিনেত্রীকে কাশতে দেখা যায়। এ সময় তার সহ-অভিনেতা সৌরভ সচদেবা পিঠে হাত দিয়ে তাকে সাহায্য করেন।
ভিডিওটি ক্যাপশনে শেহনাজ গিল লেখেন, “আগের ভিডিও…একটু বিটিএস স্টোরি (শুটিংয়ের নেপথ্যের গল্প) বলা যাক। আপনাদের অনেকে নথনির সেই মুহূর্তটি পোস্ট করতে বলছিলেন।” তবে নাকের নথটি বের করতে পেরেছেন না কি গিলে ফেলেছেন, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
তবে ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন শেহনাজের ভক্ত-অনুরাগীরা। একজন লিখেছেন, “ওএমজি! কাজের প্রতি এতটা ত্যাগ দেখে সত্যিই আপনার প্রতি ভীষণ শ্রদ্ধা ও ভালোবাসি, প্রিয়তমা! কিন্তু দয়া করে নিরাপদে থাকবেন। আপনি খুবই মূল্যবান, তাই নিজের যত্ন নিন।”
আরেকজন লেখেন, “নিজের যত্ন নিন শেহনাজ গিল। আপনি ঠিক আছেন, এ জন্য ঈশ্বরকে ধন্যবাদ।” অন্য একজন লেখেন, “আপনি ভীষণ শক্ত মনের মানুষ। নিজের যত্ন নিন।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ‘ইশকনামা’ সিনেমার শুটিং সেটে। অরবিন্দর খাইরা পরিচালিত রোমান্টিক পিরিয়ড ড্রামা ঘরানার পাঞ্জাবি সিনেমার গল্প আবর্তিত হয়েছে নিম্মাকে ঘিরে। পাঞ্জাবের একজন তরুণ শিখ শিক্ষার্থী, কবি নিম্মা পাকিস্তানের পাঞ্জাবের মুসলিম তরুণী নাসিমার প্রেমে পড়েন।
সিনেমাটিতে নিম্মা চরিত্রে অভিনয় করছেন জয় রান্ধাওয়া ও নাসিমা চরিত্রে অভিনয় করছেন শেহনাজ গিল। পার্শ্বচরিত্রে রয়েছেন সৌরভ সচদেবা, আঞ্জুম বাত্রা ও মহানবীর ভুল্লার। শেহনাজ তার চরিত্র প্রসঙ্গে বলেন, “নাসিমা খুবই সাহসী ও শক্ত মনের একটি মেয়ে। একেবারেই অন্যরকম একটি চরিত্র। দর্শক আমাকে সম্পূর্ণ নতুনরূপে দেখবেন। ভালোবাসার জন্য সে যেকোনো ত্যাগ স্বীকার করতে পারে।”
‘বিগ বস ১৩’-এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন শেহনাজ গিল। পরবর্তীতে হিন্দি চলচ্চিত্র ও গানের ভিডিওতে কাজ করে নিজের অবস্থান শক্ত করেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন প্রকল্প নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
