সালমান শাহর মৃত্যুর আগের দিন এফডিসিতে কী ঘটেছিল
ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক:
সালমান শাহর মৃত্যুর তিন দশক পরও তার শেষ সময়ের ঘটনাগুলো নিয়ে মানুষের আগ্রহ কমেনি। বিশেষ করে মৃত্যুর আগের দিন ৫ সেপ্টেম্বর ১৯৯৬ সালে এফডিসিতে ‘প্রেম পিয়াসী’ সিনেমার ডাবিংয়ের সময় কী ঘটেছিল, তা নিয়ে বিভিন্ন সময়ে নানা বক্তব্য সামনে এসেছে।
সেদিন ‘প্রেম পিয়াসী’র ডাবিংয়ে এফডিসির সাউন্ড কমপ্লেক্সে ছিলেন সালমান শাহ। ছবির নায়িকা শাবনূরও আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। ডাবিংয়ের ফাঁকে দুজনের মধ্যে খুনসুটির মুহূর্ত তৈরি হয়েছিল বলে বিভিন্ন স্মৃতিচারণে উঠে এসেছে।
এদিকে সালমান শাহ তার বাবাকে ফোন করে স্ত্রী সামিরাকে এফডিসিতে নিয়ে আসতে বলেন। কিছুক্ষণ পর সালমানের বাবা সামিরাকে সঙ্গে নিয়ে সাউন্ড কমপ্লেক্সে পৌঁছান। এরপর ডাবিং রুমে সালমান ও শাবনূরকে একসঙ্গে দেখে সামিরা মনঃক্ষুণ্ন হন বলে বিভিন্ন সময় প্রকাশিত বর্ণনায় জানা যায়।
সামিরা নিজেও পরবর্তী এক সাক্ষাৎকারে ওই দিনের ঘটনা নিয়ে কথা বলেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ডাবিংয়ের সময় শাবনূর সালমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলছিলেন। সেটি দেখে ভালো লাগেনি সামিরার। রাগ করে তিনি এফডিসি ত্যাগ করেন।
গাড়িতে সামিরার সঙ্গে সালমান শাহ ও পরিচালক বাদল খন্দকারও ওঠেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িতে সামিরার সঙ্গে সালমানের তেমন কথা হয়নি; বরং বাদল খন্দকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন।
এফডিসির প্রধান ফটকের কাছে পৌঁছালে সালমান শাহ ও বাদল খন্দকার গাড়ি থেকে নেমে যান। কিছুক্ষণ সেখানে থাকার পর সালমান আবার ডাবিং রুমে ফিরে যান। তবে সেদিন আর ডাবিং করা হয়নি। পরে রাতের দিকে বাদল খন্দকার সালমানকে নিউ ইস্কাটন রোডের বাসায় পৌঁছে দেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সালমান শাহর মৃত্যুর পর তার স্ত্রী সামিরাকে ঘিরে নানা অভিযোগ ও আলোচনা তৈরি হয়েছিল। সামিরা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন এবং সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছেন। অন্যদিকে সালমানের পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে তার মৃত্যু নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ২০২৫ সালে আদালতের নির্দেশে তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হিসেবে তদন্তের পথও নতুন করে খুলেছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটনের বাসায় মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ। তার মৃত্যুর তিন দশক পরও সেই দিনের স্মৃতি, নানা প্রশ্ন ও অমীমাংসিত বিতর্ক ভক্তদের আলোচনায় ফিরে আসে বারবার।
