Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

সীতাকুণ্ডে ডেঙ্গুতে পাঁচ বছরের শিশুর মৃত্যু, ৭ দিনে আক্রান্ত ২৪

0
4

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে সিরাজুম মনিরা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর ডেঙ্গু শনাক্ত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।

নিহত সিরাজুম মনিরা সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন ধরে তীব্র জ্বরসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিল মনিরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সীতাকুণ্ড পৌরসদরের মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে এনএস১ পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়।

পরে শিশুটির শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত চমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ওইদিনই তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মো. সেলিম উদ্দিন বলেন, মঙ্গলবার মনিরাকে হাসপাতালে আনার পর তার শারীরিক অবস্থা দেখে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। পরে দ্রুত চমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। শিশুটিকে হাসপাতালে আনার ক্ষেত্রে কিছুটা দেরি হয়েছিল বলেও জানান তিনি।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত সাত দিনে ডেঙ্গু আক্রান্ত ২৪ জন রোগী সেখানে ভর্তি হয়েছেন। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে ১০টি বিশেষ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় সরকারি ওষুধও মজুত রয়েছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন হচ্ছে, তাদের চমেকসহ সংশ্লিষ্ট হাসপাতালে রেফার করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য ১০টি বিশেষ শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সরকারি ওষুধপত্র মজুত রয়েছে।
চমেক হাসপাতালে শিশুটির মৃত্যুর বিষয়টি শুনেছেন বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাফসান মোহাম্মদ নামে এক যুবকের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```