Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু, আহত অন্তত ১০

0
chittagong

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ড থেকে গ্যাসে আক্রান্ত ছয় শ্রমিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে পাঁচজনকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের বিষয়টি দেখতে পায়। পরে গ্যাস লিকের বিষয়টি পরীক্ষা করতে গেলে সেফটি টিমের কয়েকজন সদস্য ও শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান জানিয়েছেন, তারা অন্তত ১০ জন শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছেন।

দুর্ঘটনার পর ইয়ার্ডে নিরাপত্তা ব্যবস্থা ও বিষাক্ত গ্যাসের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে। গ্যাসের প্রকৃতি ও দুর্ঘটনার সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...