সুন্দরবনে লাইটার জাহাজের সাথে নৌকার ধাক্কায় নিঁখোজ জেলের মরদেহ উদ্ধার
সুমন, স্টাফ রিপোর্টারঃ
সুন্দরবনে লাইটার জাহাজের সাথে নৌকার ধাক্কা লেগে নদীতে পড়ে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় চাঁদপাই নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
নৌ পুলিশ জানায়, পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ও ভদ্রা নদীর মধ্যবর্তী চাওলা বগীর মুখে লাইটার জাহাজের সাথে শুক্রবার রাতে একটি জেলে নৌকার ধাক্কায় পিরোজপুরের শয়না এলাকার আজেদি মাঝির ছেলে মোঃ মোস্তফা মাঝি (৪৭) নামে একজন নদীতে পড়ে নিখোঁজ হয়।
নদীতে মাছ ধরার উদ্দেশ্য জেলের নৌকাতে মোঃ মোস্তফা মাঝি(৪৭), শুকুর আমিন (২২) ও সানাউল্লাহ সানি (১৯) নামে একসঙ্গে তিনজন জেলে ছিলেন। লাইটার জাহাজটির ধাক্কায় নৌকা জালসহ তিনজনই লাইটার জাহাজের নিচে চলে যায়। পরে দুই জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মোস্তফা মাঝি (৪৭) নিখোঁজ হয়।
পরে বনবিভাগ ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আজ শনিবার দুপুরে মরদেহটি ওই এলাকা থেকে উদ্ধার করে সন্ধ্যায় চাঁদপাই নৌ থানায় আনা হয়েছে। উদ্ধারকৃত মরদেহ ও দুর্ঘটনার সঙ্গে জড়িত লাইটার জাহাজটির বিষয়ে তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান।
