হাটহাজারীতে বিয়ের দুই মাসের মধ্যে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে সাদিয়া ইসলাম (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের প্রায় দুই মাসের মধ্যে তার এমন মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা এলাকার হাবিব ভিলার নিচতলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী।
নিহত সাদিয়া ইসলাম হাটহাজারীর মেখল ইউনিয়নের রহিমপুর এলাকার বাসিন্দা। তার স্বামী আসিফ রাউজানের গহিরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি চট্টগ্রাম নগরীতে চাকরি করেন।
পরিবার সূত্রে জানা যায়, সাদিয়ার এর আগে একটি বিয়ে হয়েছিল। ওই সংসারে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ ঘটে। পরে আসিফের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর তারা হাটহাজারীর একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
জানা গেছে, গত ৩১ আগস্ট তারা ফটিকা এলাকার ওই বাসায় ওঠেন। সোমবার দুপুরে স্বামী ফোনে সাদিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি বাড়ির মালিককে বিষয়টি জানান। বাড়ির মালিক বাসায় গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে সাদিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে পুলিশকে খবর দেওয়া হলে হাটহাজারী মডেল থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের এক সদস্য জানান, মৃত্যুর কয়েকদিন আগে সাদিয়ার সঙ্গে তাদের কথা হয়েছিল। সে সময় সাদিয়া কিছুটা কষ্টের কথা জানিয়েছিলেন। পরিবারের পক্ষ থেকে তাকে সান্ত্বনা দিয়ে শিগগিরই দেখা করার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে এর আগেই ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
