হাটহাজারীতে অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযান, অস্ত্র-গুলি ও সরঞ্জামসহ গ্রেপ্তার ২
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, অভিযানকালে ঘটনাস্থলেই অস্ত্র তৈরির কার্যক্রম চলছিল। এ সময় ওই কাজে জড়িত থাকার অভিযোগে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৩১ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মির্জাপুর ২ নম্বর ওয়ার্ডের জামাল মিস্ত্রীর বাড়ির মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন এবং একই এলাকার বরিশাল কলোনির মালেক ড্রাইভারের বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি নির্দিষ্ট স্থানে অভিযান চালানো হয়। সেখানে পৌঁছে পুলিশ অস্ত্র তৈরির কার্যক্রম দেখতে পায়। পরে ঘটনাস্থল থেকে জামাল হোসেন ও কবিরকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি ছাড়াও অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের সুনির্দিষ্ট সংখ্যা ও ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজের নির্দেশনায় অভিযানটি পরিচালনা করা হয়। এতে হাটহাজারী থানার এসআই আশিক, এএসআই ইমরান, কনস্টেবল খাজা অচি উদ্দিন ও কনস্টেবল আবু রায়হানসহ রাত্রিকালীন মোবাইল ডিউটির কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশের দাবি, অস্ত্র তৈরির সময়ই ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো কোথায় সরবরাহ করা হতো, কারা এই অস্ত্র তৈরির সঙ্গে জড়িত এবং কতদিন ধরে ওই স্থানে অস্ত্র তৈরির কার্যক্রম চলছিল—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মামলা দায়ের ও তদন্তের পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
