টানা দুই হ্যাটট্রিকে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রোকম্ব
ছবি: সংগৃহীত
খেলা ডেস্ক:
কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৮ দিনের ব্যবধানে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার সুবাদে প্রথমবারের মত ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন পেসার হেনরি ক্রোকম্ব। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে ২৪ বছর বয়সি এই পেসারকে।
গত সপ্তাহে হোভ-এ সমারসেটের বিপক্ষে সাসেক্সের হয়ে চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে টানা তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন ক্রোকম্ব। ইনিংসে ৫৬ রানে ৫ উইকেট নেন তিনি।
এরপর বৃহস্পতিবার চেমসফোর্ডে এসেক্সের বিপক্ষে ম্যাচেও হ্যাটট্রিক করেন ক্রোকম্ব। ম্যাচের প্রথম ইনিংসে ৩৯ রানে ৫ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিক করেন তিনি। আট দিনের ব্যবধানে দুই বার হ্যাটট্রিক করে প্রথমবারের মত ইংল্যান্ডের ওয়ানডে দলে সুযোগ পেলেন তিনি।
ক্রোকম্বের মতো প্রথমবারের ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন ব্যাটার অ্যানিউরিন ডোনাল্ড। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন ডার্বিশায়ারের এই ব্যাটার। এই মৌসুমে টি-টোয়েন্টি ব্লাস্টেস্টে ডার্বিশায়ারের হয়ে ১২ ম্যাচে ৪৮৯ রান করেছেন ২৯ বছর বয়সী ডোনাল্ড।
ইংল্যান্ড পুরুষ দলের নির্বাচক মার্কাস নর্থ বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ক্রোকম্ব ও ডোনাল্ড। ভাইটালিটি ব্লাস্টে ডার্বিশায়ারের হয়ে এবং ‘দ্য হান্ড্রেড’-এ ট্রেন্ট রকেটসের হয়ে অসাধারণ মৌসুম কাটিয়েছেন ডোনাল্ড। অন্যদিকে পুরো গ্রীষ্মজুড়ে দারুণ পারফরমেন্সে আমাদের নজরে ছিল ক্রোকম্ব।’
সাউদাম্পটনে ১৫ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং চেস্টার-লি-স্ট্রিটে ২২ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ইংল্যান্ড ও শ্রীলংকা।
ইংল্যান্ড টি-টোয়েন্টি দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার (উইকেটরক্ষক), জেমস কোলস, জর্ডান কক্স, লিয়াম ডসন, অ্যানিউরিন ডোনাল্ড, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, জশ টাং।
ইংল্যান্ড ওয়ানডে দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, সনি বেকার, জশ বাটলার (উইকেটরক্ষক), জর্ডান কক্স, হেনরি ক্রোকম্ব, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, জশ টাং।
