Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

কালো ধোঁয়া ও খাল দখলের অভিযোগ, বাউশিয়ায় আকিজ ইস্পাত পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী

0
5

ছবি: সবার সংবাদ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অবস্থিত আকিজ ইস্পাত কারখানা থেকে কালো ধোঁয়া নির্গমন এবং একটি খাল বালু দিয়ে ভরাট করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে কারখানাটি সরেজমিনে পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিমন্ত্রী কারখানাটি পরিদর্শনে যান। এ সময় তিনি কারখানার পরিবেশগত ব্যবস্থাপনা, ধোঁয়া নির্গমনসহ খাল ভরাটের অভিযোগের বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, আমাদের উন্নতির জন্য প্রোডাকশনের দরকার, আমাদের শিল্পায়নের দরকার। তবে সেটা হতে হবে পরিবেশ বান্ধব। লক্ষ্য রাখতে হবে, যেন পরিবেশের ক্ষতি না হয়। কারণ আমরা যদি বাঁচতেই না পারি, তাহলে আমাদের টাকা-পয়সা দিয়ে কোনো লাভ নেই।

তিনি আরও বলেন, কারখানার পরিবেশগত ব্যবস্থাপনা, ধোঁয়া নির্গমন এবং খাল ভরাটের অভিযোগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে।

স্থানীয়দের অভিযোগ, কারখানা থেকে নিয়মিত কালো ধোঁয়া বের হওয়ায় আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। একই সঙ্গে কারখানার আশপাশের একটি খালে বালু ফেলে ভরাট করে দখলে নেওয়া হয়েছে। তবে স্থানীয়দের এসব অভিযোগ অস্বীকার করেছে আকিজ ইস্পাত কর্তৃপক্ষ।

তাদের দাবি, সেখানে কোনো খাল ভরাট করা হয়নি; যে জায়গাটিকে খাল বলা হচ্ছে, সেটি কারখানার নিজস্ব জায়গা। পাশাপাশি কারখানা থেকে কালো ধোঁয়া নির্গমনের অভিযোগও তারা অস্বীকার করেছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ও গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নদীয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...