মোংলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন
সুমন, স্টাফ রিপোর্টারঃ
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রবিবার(১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মোংলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে অফিসার্স ক্লাব, মোংলা থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের হয়। র্যালিতে যুব সংগঠক, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুব সমাজ। এই যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। সরকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং, ড্রাইভিং, পশুপালন, মৎস্য চাষসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দিচ্ছে। যুবকদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে প্রশিক্ষিত যুবকদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় ১০ জন যুব ও যুব নারীর হাতে প্রায় ৮ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আ: মান্নান হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হানিফ, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব হাসান, মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: গোলাম নুর জনিসহ আরো অনেকে।
