অ্যালেন স্বপনের দুনিয়ায় এবার যুক্ত হচ্ছেন প্রভা
বিনোদন ডেস্ক । সবার সংবাদ:
দেশের ওটিটি অঙ্গনের জনপ্রিয় চরিত্র ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে চরিত্রটির সঙ্গে পরিচিত হন দর্শকরা। পরে এই চরিত্রকে কেন্দ্র করে নির্মাতা শিহাব শাহীন তৈরি করেন আলাদা সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। প্রথম সিজনেই ব্যাপক জনপ্রিয়তা পায় সিরিজটি। ‘অ্যালেন স্বপন’ চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়ান নাসির উদ্দিন খান।
গত বছর চরকিতে মুক্তি পায় সিরিজটির দ্বিতীয় সিজন। এবার আসছে তৃতীয় সিজন। এরই মধ্যে শুরু হয়েছে শুটিং। নতুন সিজনেও অ্যালেন স্বপন চরিত্রে থাকছেন নাসির উদ্দিন খান। তবে এবার তার সঙ্গী হিসেবে দেখা যাবে সাদিয়া জাহান প্রভাকে। আগের দুই সিজনে ‘শায়লা’ চরিত্রে অভিনয় করেছিলেন রাফিয়াথ রশিদ মিথিলা।
নতুন সিজনে মিথিলার পরিবর্তে প্রভার যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো খবর নিশ্চিত করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের নিজস্ব জনসংযোগ বিভাগ রয়েছে। সেখান থেকেই এ বিষয়ে জানানো হবে।”
পরে চরকির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে প্রভা অভিনয় করবেন।
জানা গেছে, মিথিলা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে শিক্ষকতা করছেন তিনি। কাজের ব্যস্ততার কারণে দেশে ফিরে সিরিজটির শুটিংয়ে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণেই নতুন সিজনে ‘শায়লা’ চরিত্রে প্রভাকে বেছে নিয়েছেন নির্মাতারা।
চলতি মাসের শেষ লগ্নে শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে প্রভার। ডিসেম্বরের মাঝামাঝি শেষ হবে পুরো কাজ। নাসির উদ্দিন খান ও প্রভা ছাড়াও সিরিজটিতে অভিনয় করছেন—সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবি প্রমুখ। ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজন আগামী ঈদুল ফিতরে চরকিতে মুক্তির কথা রয়েছে।
