Advertisement
নভেম্বর ২২, ২০২৬

মাতৃত্বের স্বাদ পেলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ

0
6 (12)

বিনোদন ডেস্ক । সবার সংবাদ:

পুত্রসন্তানের মা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। মা হওয়ার পর এখন সন্তানকে ঘিরেই কাটছে এই অভিনেত্রীর সময়। নতুন অতিথির আগমনে বদলে গেছে তার প্রতিদিনের রুটিন ও ব্যস্ততা।

মৌসুমী হামিদ বলেন, ‘মা হয়েছি। কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু কারণে তারিখটা বলতে চাই না।’ মা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘জীবনের এই সময়ের জন্য বহু প্রতীক্ষা করেছি। সন্তানকে প্রথম দেখা, স্পর্শ করা-এই অনুভূতি বোঝানো কঠিন। এখন শুধু এটাই মনে হচ্ছে, দারুণ সময় কাটছে। ছেলের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিচ্ছি। ছেলের ঘুমানো, খাওয়ার সঙ্গেই আমার রুটিন। এমনও হয়, দুই ঘণ্টাও ঘুমানোর সময় পাই না।’

সন্তানের জন্মের পর প্রথম দুদিন ছেলেকে ঠিকমতো দেখার সুযোগ পাননি মৌসুমী। পরে যখন ভালোভাবে দেখেছেন, তখন ছেলের চেহারায় নিজের ছাপ খুঁজে পেয়েছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘প্রথম দিন বুঝতে পারছিলাম, নড়াচড়া করছে। হাত-পা নাড়াচ্ছে। পরে যখন ভালো করে দেখলাম, তখন দেখি ছেলে আমার মতো হয়েছে। ছেলেটা সুস্থ থাকুক, ভালো থাকুক-এজন্য সবার কাছে দোয়া চাই।’

মা হওয়ার এই সময়ে স্বামী আবদুল ওয়াদুদ, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছেন মৌসুমী। তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

গত জুলাইয়ে মা হতে যাওয়ার সুখবর জানিয়েছিলেন এই অভিনেত্রী। সে সময় স্বামী আবদুল ওয়াদুদকেও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক থেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে মৌসুমী বলেছিলেন, ১৪ বছরের পুরোনো বন্ধু তারা। দুজনের চিন্তাভাবনায় মিল থাকায় একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান মৌসুমী হামিদ। এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করেন তিনি। ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও অভিনয় করেছেন এই তারকা।

তবে আপাতত অভিনয়ের ব্যস্ততা থেকে দূরে থাকতে চান মৌসুমী। সন্তানকে সময় দেওয়াকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অনেকেই নিয়মিত অভিনয় করার প্রস্তাব দেন। কিন্তু এখন আমি সন্তানকে নিয়ে থাকতে চাই। আপাতত অভিনয় করতে পারব। আরও কয়েক মাস বিরতি নিয়ে অভিনয় শুরু করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```