সেন্টমার্টিন থেকে ৯ ট্রলারে ফিরলেন ৩৫০ পর্যটক, এখনো আটকে দেড় হাজার
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি । সবার সংবাদ:
বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে সেন্টমার্টিন দ্বীপে তিন দিন ধরে আটকে থাকা প্রায় দেড় হাজার পর্যটকের মধ্যে ৩৫০ জন টেকনাফে ফিরেছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে ৯টি সার্ভিস ট্রলারে করে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা দ্বীপ ছেড়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা হন।
সকাল ১০টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারগুলো যাত্রা শুরু করে। জরুরি প্রয়োজন, অসুস্থতা ও নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের ফিরিয়ে আনতেই এ ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
গত ১৮ নভেম্বর চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণে যান। পরদিন আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় জাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।
আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে এগিয়ে এসেছেন দ্বীপের হোটেল ব্যবসায়ীরা। অনেক হোটেলে কক্ষভাড়া ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। কিছু হোটেলে বিনা মূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে রোববার (২২ নভেম্বর) থেকে আবার জাহাজ চলাচল শুরু হতে পারে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
