Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

উখিয়ায় আরসার কমান্ডারসহ দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

0
1

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গ্রেপ্তাররা হলেন—আরসার কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০) এবং তার সহযোগী আব্দুল হাফেজ (২২)। পুলিশের দাবি, মুছার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাতে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/১ ব্লকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলম ওরফে মুছা ক্যাম্প-৬-এর বাসিন্দা। অপর গ্রেপ্তার আব্দুল হাফেজ একই ক্যাম্পের ডি/৪ ব্লকের বাসিন্দা। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনিও আরসার সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, আরসার কমান্ডার মুছা ও তার সহযোগী আব্দুল হাফেজ ক্যাম্প-৬-এর ডি/১ ব্লকে কামাল হোসেনের বাসায় অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠনের উদ্দেশ্যে গোপনে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নৌকারমাঠ পুলিশ ক্যাম্প-৩-এর ইন্সপেক্টর (অপারেশন) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ও গোয়েন্দা সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশের তথ্যমতে, মোহাম্মদ আলম ওরফে মুছার বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন, হত্যা এবং পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলাসহ কয়েকটি মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা মুছা হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

১৪ এপিবিএনের অধিনায়ক রিয়াজ আমীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরসার দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদ আলম ওরফে মুছার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ১৪ এপিবিএনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...