সন্দ্বীপে ৪৪৫ পিস ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৪৪৫ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি রকেট সিগন্যাল ও একটি রকেট প্যারাসুট ফ্লেয়ারও উদ্ধার করা হয়।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আকবর হাট এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার (৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৬টার দিকে কোস্টগার্ড স্টেশন সন্দ্বীপ, আউটপোস্ট সারিকাইত ও স্থানীয় থানা-পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল আকবর হাট এলাকার একটি সন্দেহভাজন বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৪৫ পিস ইয়াবা, দুটি দেশীয় তৈরি অস্ত্র, এক রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড রাবার বুলেট, একটি রকেট সিগন্যাল এবং একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, উদ্ধার হওয়া রকেট সিগন্যাল ও প্যারাসুট ফ্লেয়ার মাদকের চালান সংগ্রহের সময় আকাশে ছুড়ে সংকেত দেওয়ার কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে
