সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে এসআরবি-৬
সুমন,স্টাফ রিপোর্টারঃ
সুন্দরবনের বনদস্যু ‘সম্রাট বাহিনীর’ হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (১২ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দবনের বনদস্যু সম্রাট বাহিনী সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে, রবিবার ১১ অক্টোবর দুপুর ২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক ঔই এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই এলাকা হতে দস্যুদের কাছে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়। দস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা শুক্রবার ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করে। উদ্ধারকৃত জেলে মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) এবং ইমামুল মল্লিক (২২) সকলেই খুলনার পাইকগাছা এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
