Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

১৫ হাজার ডলার চাঁদা দাবি, আল্টিমেটাম শেষের দুই দিন পর চিকিৎসকের ওপর হামলা

0
2


আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

রাজধানীর শান্তিনগরে হামলার শিকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান অভিযোগ করেছেন, হামলার আগে তার কাছে ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়ায় কথিত সন্ত্রাসী ডেভিড ইমনের নাম ব্যবহার করে তাকে হুমকি দেওয়া হয়।

চিকিৎসকের দাবি, গত ৬ আগস্ট তার হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়ে একটি নির্দিষ্ট গ্রুপের নাম উল্লেখ করে ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা দাবি করা হয়। টাকা পরিশোধের জন্য ১৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। শুরুতে বিষয়টিকে গুরুত্ব দেননি তিনি। ভেবেছিলেন, এটি কোনো ভুয়া গ্রুপের কাজ হতে পারে।

ডা. আসাদুর রহমান বলেন, ‘আমি বিষয়টিকে ইগনোর করেছিলাম। ভেবেছিলাম কোনো ফেক গ্রুপ হতে পারে। কিন্তু দেখা গেল, ১৫ তারিখ সময় দেওয়ার পর তারা ১৭ তারিখে এসেই হামলা করল।’
চাঁদা দাবির ওই বার্তার নিচে ডেভিড ইমনের নাম লেখা ছিল বলেও জানান তিনি।

গত ১৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার পর বাসায় ফিরছিলেন অধ্যাপক ডা. আসাদুর রহমান। শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার গাড়ির গতিরোধ করে।
হামলাকারীরা প্রথমে সিএনজিচালিত গাড়ির দরজা খুলতে চাপ দেয়। চিকিৎসক চালককে দরজা খুলতে নিষেধ করেন। এরপর হামলাকারীরা অভিযোগ তোলে, তিনি এক রোগীর স্বজনকে ভুল চিকিৎসা দিয়েছেন।

ডা. আসাদুর রহমান বলেন, ‘একজন বলছিল, তুই অমুকের বোনকে ভুল চিকিৎসা করেছিস। দরজা খোল। আমি জিজ্ঞেস করি, কার বোন, সেই রোগী কোথায়? কিন্তু তারা কোনো জবাব না দিয়ে শুধু দরজা খোলার জন্য চাপ দিতে থাকে।’
চিকিৎসকের অভিযোগ, হামলার পরও তার কাছে হুমকি আসা বন্ধ হয়নি। হামলার প্রায় এক ঘণ্টা পর তার হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে। সেখানে ইংরেজিতে লেখা ছিল—‘Now how do you feel?’

এমনকি পরদিনও তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অধ্যাপক ডা. আসাদুর রহমান।
চাঁদা দাবির সঙ্গে হামলার যোগসূত্র রয়েছে কি না এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...