Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

এনসিটির পর সিসিটিও বিদেশি প্রতিষ্ঠানের হাতে

0
6

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

এনসিটির পর এবার চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্বও বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই) সিসিটি পরিচালনার দায়িত্ব দিতে প্রক্রিয়া শুরু করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (সিপিএ) নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
গত ২৮ সেপ্টেম্বর এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বর্তমানে সিসিটি পরিচালনা করছে দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা হোসেন স্বাক্ষরিত চিঠিতে সিসিটির অপারেটর হিসেবে আরএসজিটিআইয়ের নিয়োগপত্র প্রক্রিয়াকরণের জন্য ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের (আইবিএ) চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুটি প্রকল্প বাস্তবায়নে আরএসজিটিআইয়ের আগ্রহের কথাও উল্লেখ করা হয়। প্রকল্প দুটি হলো—সিসিটি ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এবং বে পোর্ট-মাল্টিপারপাস টার্মিনাল।

সিসিটি পরিচালনার জন্য দেশি-বিদেশি কয়েকটি প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক প্রস্তাব জমা দিয়েছে। এর মধ্যে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড গত ৮ এপ্রিল এবং সৌদি আরবের আরএসজিটিআই গত ২২ এপ্রিল পৃথকভাবে প্রস্তাব জমা দেয়। দেশীয় শিল্পগোষ্ঠী এমজিএইচ গ্রুপও প্রস্তাব জমা দিয়েছে।

তবে আরএসজিটিআই শুধু সিসিটি নয়, জেনারেল কার্গো বার্থ (জিসিবি) টার্মিনাল পরিচালনার প্রতিও আগ্রহ দেখিয়েছে। সুযোগ পেলে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার পরিবহনের প্রায় ১৬ শতাংশ সিসিটির মাধ্যমে পরিচালিত হয়। একই সময়ে এনসিটির মাধ্যমে প্রায় ৪৪ শতাংশ, জিসিবির মাধ্যমে ৩৬ শতাংশ এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের মাধ্যমে প্রায় ৪ শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে পাওয়া ২২ বছর মেয়াদি চুক্তির আওতায় পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ইতোমধ্যে পরিচালনা করছে আরএসজিটিআই।

এদিকে, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কন্টেইনার হ্যান্ডলিং সুবিধাসম্পন্ন নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দেওয়ার বিষয়ে খসড়া চুক্তির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এনসিটির পর এবার সিসিটি নিয়েও বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ আরও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```