কালুরঘাট শিল্প এলাকায় চসিকের অভিযান, দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট শিল্প এলাকায় অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নগরীর বাদামতল মোড় (শাহাজী চত্বর) থেকে হামিদচর পর্যন্ত সড়কের দুই পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিক সূত্র জানায়, কালুরঘাট শিল্প এলাকার বাদামতল মোড় থেকে হামিদচর পর্যন্ত সড়কের দুই পাশ ও ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে দোকানপাটসহ বিভিন্ন কাঁচা-পাকা স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এসব অবৈধ স্থাপনার কারণে সড়ক ও ফুটপাতের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। পাশাপাশি যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছিল নানা প্রতিবন্ধকতা।
জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে গতকাল অভিযান পরিচালনা করে চসিকের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সড়কের উভয় পাশ ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে দখলমুক্ত করা হয় সড়ক ও ফুটপাতের বিভিন্ন অংশ।
অভিযানের ফলে বাদামতল মোড় থেকে হামিদচর পর্যন্ত সড়কের দুই পাশ ও ফুটপাতে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে। এতে পথচারীদের চলাচল ও যানবাহন চলাচল আরও নির্বিঘ্ন হবে বলে জানিয়েছে চসিক।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থে নগরীর সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
