Advertisement
অক্টোবর ৬, ২০২৬

দুর্গাপূজায় গুজব ও উসকানির বিষয়ে সতর্ক থাকার আহ্বান চট্টগ্রাম পুলিশ সুপারের

0
6

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে জেলার ১৭টি থানার পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। এতে বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রামের জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, ভক্তদের নির্বিঘ্ন যাতায়াত, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। কোনো গুজব, বিভ্রান্তিকর তথ্য কিংবা উসকানিমূলক প্রচারণা নজরে এলে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে। গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

নারী ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং শিশুদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে বিভিন্ন ধর্ম, শ্রেণি-পেশা ও সামাজিক প্রতিনিধিদের সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় মসজিদের ইমাম, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া পূজামণ্ডপে মাইক ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার আহ্বান জানানো হয়। পার্শ্ববর্তী মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা বজায় রাখার জন্যও পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়।

সভায় আরও বলা হয়, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা ছোটখাটো বিরোধ যাতে বড় ধরনের ঘটনায় রূপ নিতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দ্রুত সমন্বিত উদ্যোগ নিতে হবে। কোনো ঘটনায় আইন নিজের হাতে তুলে না নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন থানা থেকে আসা পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা, সম্ভাব্য সমস্যা, স্থানীয় পরিস্থিতি এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। জেলা পুলিশ তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে পূজা উদ্‌যাপন পরিষদ, পূজারী, ভক্তবৃন্দ, স্বেচ্ছাসেবকসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...