বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের জেল
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার মুফতিপাড়া এলাকায় ইয়াবা বিক্রির সময় মোশারফ হোসেন (২৩) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে মুফতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম কচুয়াখালী ৮ নম্বর ওয়ার্ডের সোনা হাওলাদার বাড়ির মৃত নুর আলমের ছেলে। তিনি বোয়ালখালী পৌরসভার অলি বেকারি এলাকায় একটি করাতকলে (স-মিল) শ্রমিক হিসেবে কাজ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় ইয়াবা বিক্রির অভিযোগে মোশারফকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, মাদক বিক্রি, সেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধের তথ্য উপজেলা প্রশাসন ও বোয়ালখালী থানা পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নির্ভরযোগ্য তথ্য ও প্রমাণ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসনিক অভিযান নয়, সামাজিক প্রতিরোধও প্রয়োজন। সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব। এ জন্য সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অভিযানে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাফফর হোসেনসহ থানা পুলিশের সদস্য ও স্থানীয় এলাকাবাসী সহযোগিতা করেন।
