রাউজানে দুই পুলিশ সদস্যকে হত্যার ষড়যন্ত্রের দাবি, ফেসবুকে রায়হানের সতর্কবার্তা
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতর্কবার্তা দিয়েছেন আলোচিত সন্ত্রাসী রায়হান আলম।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে রায়হান দাবি করেন, প্রতিদ্বন্দ্বী একটি গ্রুপ তাকে বড় কোনো অপরাধে ফাঁসানোর উদ্দেশ্যে ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে রাতে দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
পোস্টে রায়হান লেখেন, তার কাছে বিশেষ মাধ্যমে খবর এসেছে—নোয়ান বাগিচা অথবা পূর্ব রাউজান এলাকায় রাতে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। তিনি দাবি করেন, বিষয়টি কোনো বানোয়াট তথ্য নয়।
পোস্টে ‘আজিজ’ নামের এক ব্যক্তি ও একটি ডাকাত চক্রের বিরুদ্ধে এ ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও তোলেন রায়হান। পাশাপাশি তার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি এবং হোয়াটসঅ্যাপে সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি।
রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ফেসবুকে দেওয়া পোস্টটি পুলিশের নজরে এসেছে। এরপর রাউজানে রাতের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি বিদেশি নম্বর ব্যবহার করে নগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করছেন—এমন অভিযোগও রয়েছে। বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী হিসেবেও রায়হানকে উল্লেখ করা হয়েছে। তবে সম্প্রতি নিজের নাম ও ছবি ব্যবহার করে অন্যরা চাঁদা দাবি করছে বলে অভিযোগ করেছেন রায়হান।
