Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা

0
3

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের ছয়টি বসতঘর পুড়ে গেছে। এ সময় ঘরের আসবাবপত্র, পোশাক ও প্রয়োজনীয় মালামালসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি, আগুনে তাদের প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোমপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে হঠাৎ একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুনের ভয়াবহতা দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে আশপাশের বেশ কয়েকটি বসতঘর আগুনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়।

তবে এর আগেই আগুনের তীব্রতায় প্রতিভা রানী নাথের বাড়ির ভাড়াটিয়া খোকন মজুমদার, মিলন দে ও তপু দাশের বসতঘরসহ বাড়ির মালিকের একটি স্টোররুম পুড়ে যায়। সব মিলিয়ে ছয়টি ঘর আগুনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, অগ্নিকাণ্ডে তাদের ঘরের আসবাবপত্র, পোশাক, প্রয়োজনীয় মালামাল ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। এতে তাদের প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর আশপাশের ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে। তবে অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```