কিশোর হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগার ৩ দিনের রিমান্ড
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরের পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে কিশোর মোহাম্মদ হৃদয় (১৬) হত্যা মামলায় নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) ওয়াকিল হোসেন বগার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আসামি ওয়াকিল হোসেন বগাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন দুপুর ১২টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির বাসা থেকে ডেকে নিয়ে হৃদয়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা।
নিহত হৃদয় নিজেও ওই কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। কয়েক দিন আগে দলের কয়েকজনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর জেরে ঘটনার রাতে তাকে বাসা থেকে ডেকে রাস্তায় নিয়ে প্রথমে কান কেটে ফেলা হয়, পরে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়তলী এলাকায় ‘৫জি’ ও ‘৭জি’ নামে দুটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। নিহত হৃদয় পেশায় ভ্যানগাড়িতে সবজি বিক্রেতা ছিলেন এবং ‘৫জি’ গ্রুপের সদস্য ছিলেন। অভিযোগ রয়েছে, ‘৭জি’ গ্রুপের সদস্যরা তাকে হত্যা করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই কিশোর গ্যাংটি ওয়াকিল হোসেন বগা নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। এ হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের ভূমিকা উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে
