গজারিয়ায় উচ্চ আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চূড়ান্ত রায় অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী লিটন মিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের হাইজুর দেওয়ানসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভাটেরচর মৌজার আরএস ৯ নম্বর খতিয়ানের ৭২৫ নম্বর দাগের ১২ দশমিক ৫০ শতাংশ জমি নিয়ে বাদল হোসেন দেওয়ান গং এবং মমতাজ বেগম-লিটন মিয়া গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে গজারিয়া সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা নং ৯৬/২০০৯ দায়ের করা হয়। নিম্ন আদালতের রায়ের পর বিষয়টি জেলা ও দায়রা জজ আদালতে গড়ালে আগের রায় বহাল থাকে।
পরবর্তীতে মমতাজ বেগম-লিটন মিয়া গং হাইকোর্ট বিভাগে দেওয়ানি রিভিশন নং ২০৬৫/২০২৩ দায়ের করেন।অভিযোগকারীর দাবি, হাইকোর্ট নিম্ন আদালতের রায় ও ডিক্রি বাতিল করে তাদের পক্ষে চূড়ান্ত রায় দেন।
লিটন মিয়া অভিযোগ করেন, গত ২৬ আগস্ট উচ্চ আদালতের রায় উপেক্ষা করে বিবাদীরা কয়েকজন লোক নিয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে বসতঘর নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দিলে তাকে ও তার স্বজনদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বর্তমানে তারা নিরাপত্তা হীনতায় রয়েছেন।
লিটন মিয়ার আইনজীবী অ্যাডভোকেট মো. আলমগীর মোস্তাফিজুর রহমান বলেন, উচ্চ আদালতের আদেশে নিম্ন আদালতের রায়-ডিক্রি রহিত করা হয়েছে। ফলে আইনগত ভাবে সম্পত্তিটির মালিকানা লিটন মিয়া ও তার স্বজনদের পক্ষে রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে হাইজুর দেওয়ান বলেন, নিম্ন আদালতের রায়ে তারা জমিটির মালিক হন এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন।
উচ্চ আদালত নিম্ন আদালতের রায় খারিজ করলেও লিটন মিয়ারা জমিটি পাবেন না। গজারিয়া থানার ওসি নকীব আকরাম হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
