গবেষণায় অনীহা এমফিল শিক্ষার্থীদের, বাড়তি প্রণোদনার দাবি
শিক্ষা ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মাস্টার অব ফিলোসফি (এমফিল) গবেষণা কোর্সে ভর্তি হয়েও শিক্ষার্থীদের অধিকাংশই গবেষণা শেষ করছেন না।
ঢাবি’র এমফিল ভর্তির নথিপত্র বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে।
এমফিল উচ্চতর গবেষণাধর্মী স্নাতকোত্তর ডিগ্রি, যা সাধারণত মাস্টার্স ডিগ্রি ও ডক্টর অব ফিলসফির (পিএইচডি) মধ্যবর্তী একটি ধাপ হিসেবে বিবেচিত হয়।
নথিপত্রে দেখা যায়, মাত্র ২৭ শতাংশ শিক্ষার্থী সময়মতো এই ডিগ্রি শেষ করেছেন। বাকি ৭৩ শতাংশই শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে এই ডিগ্রি শেষ করছেন না। ২০১৪-২০১৫ থেকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ পর্যন্ত এমফিলে ভর্তি হওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭৬৭ জন আর এর বিপরীতে সংশ্লিষ্ট সময়ে ডিগ্রি সম্পন্ন করেছেন মাত্র ৪৭১ জন।
ঢাবিতে ভর্তি হওয়া এমফিল শিক্ষার্থীদের ডিগ্রি শেষ না করার প্রবণতা আর্থ-সামাজিক অবস্থার সঙ্গে সম্পৃক্ত বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।
এমফিল গবেষণাকে কার্যকর করতে শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, এমফিল এর শিক্ষার্থীরা ভর্তি হয়ে চাকরির প্রস্তুতি নেয় কিংবা কেউ পার্ট টাইম অথবা ফুল টাইম চাকরি করে। আমাদের সমাজ কাঠামোই এমন যে, ৪-৫ বছর অনার্স-মাস্টার্স শেষ করার পর শিক্ষার্থীদের উপার্জনের চিন্তা করতে হয়। তারা উপার্জনের দিকে বেশি মনোনিবেশ করে। ফলে তারা গবেষণায় মনযোগ দিতে পারেনা। এমফিল ডিগ্রি তো গবেষণা করে নিতে হয়। আমরা বলি, গবেষণায় অনুদান বাড়াতে হবে।
এসব জায়গায় এই প্রণোদনাগুলো প্রয়োজন। এগুলোর উন্নতি না হলে এমফিল প্রোগ্রাম সফল হবেনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই উদ্যেগগুলো নিতে হবে। ভর্তি প্রক্রিয়াটা একটু সহজ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের এমফিল ভর্তির নতুন নীতিমালায় বলা আছে, এম.ফিল. প্রোগ্রামের মেয়াদ দুই বছর। ১ম বর্ষ কোর্স-ওয়ার্ক ও ২য় বর্ষ থিসিস। এম.ফিল. প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ (পুনঃভর্তিসহ) সর্বোচ্চ তিন বছর।
এর আগের নীতিমালায় এমফিল রেজিস্ট্রেশনের মেয়াদ ছিল চার বছর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৪-২০১৫ থেকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ পর্যন্ত এমফিলে ভর্তি হওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭৬৭ জন। এর বিপরীতে সংশ্লিষ্ট সময়ে ডিগ্রি সম্পন্ন করেছেন ৪৭১ জন শিক্ষার্থী। অর্থাৎ ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে নির্ধারিত সময়ে এমফিল শেষ করার হার প্রায় ২৭ শতাংশ।
তথ্য অনুযায়ী, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ২৪৮ জন শিক্ষার্থী ভর্তি হলেও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ডিগ্রি সম্পন্ন করেন ৭১ জন। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমফিলে ভর্তি হন ৩০৩ জন, এর মধ্যে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ডিগ্রি শেষ করেছেন ৫১ জন, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ১৯৭ জনের মধ্যে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডিগ্রি সম্পন্ন করেন ৭৩ জন, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ২১১ জন ভর্তি হলেও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ডিগ্রি সম্পন্ন করেন ৭৮ জন।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ২০৬ জন শিক্ষার্থী এমফিলে ভর্তি হন, এর মধ্যে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ডিগ্রি সম্পন্ন করেন ৬৮ জন। আর ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬৪ জন। তাদের মধ্যে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ডিগ্রি সম্পন্ন করেন ৬৪ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বাসস’কে বলেন, এমফিল-এর নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনেক শিক্ষার্থী শেষ করছেন আবার অনেকেই শেষ করতে পারছেনা। এমফিল গবেষণাকে আরও ইফেক্টিভ করার চিন্তা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, এমফিল গবেষণা কোর্সের ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষার্থীরাই যে অনীহা দেখাচ্ছে ব্যাপারটি এমন নয়। শিক্ষকরাও এই কোর্সে আগ্রহ কম দেখায়। এভাবে জোড়াতালি দিয়ে এমফিল চলছে। এই গবেষণা কোর্সকে ইফেক্টিভ করতে বিশ্ববিদ্যালয়কেই উদ্যেগ নিতে হবে।
