নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৩
মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে ভুক্তভোগী হানিফ নামে এক গ্রিল মিস্ত্রি কাজ শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে নওগাঁ সদর থানাধীন চুনিয়াগাড়ি গ্রামে শিহাব হোসেনের জমির পাশের সড়কের নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা তিন ব্যক্তি তাঁকে ভয়ভীতি দেখিয়ে তাঁর মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি জানার পর নওগাঁর পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের নির্দেশ দেন। এরপর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট ও নওগাঁ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গত ২০ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ সদর থানাধীন হাপানিয়া বাজার এলাকা থেকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন,ইমাম হাসান বুলেট (৪৪), পিতা মৃত খলিলুর রহমান, গ্রাম জগৎ সিংহপুর, নওগাঁ। ২. ফারুক শেখ ওরফে ওমর আলী (২২), পিতা সামছুর রহমান, গ্রাম চক কুতুব, থানা রাণীনগর, নওগাঁ। ৩. আশিকুর রহমান ছানি (৩৯), পিতা মৃত মনতাছার রহমান, গ্রাম হাস্তা বসন্তপুর, থানা আক্কেলপুর, জয়পুরহাট।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী,গ্রেফতার ইমাম হাসান বুলেটের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। অপর গ্রেফতার ব্যক্তি আশিকুর রহমান ছানির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে। নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
